রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেসময় ওই শিক্ষার্থী রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন বলে জানা গেছে।

গতকাল রাত ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেলরুটে এ ঘটনা ঘটে।

মৃত সাগর বিশ্বাস (২৩) উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের যতীন বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগর বিশ্বাস রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান। তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে ছিল, পাশে মোবাইল ভাঙা। রেললাইন ধরে পথচারীরা যাওয়ার সময় রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ দেখতে পান।'

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, 'ট্রেনে কাটা পড়া কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মমলা হয়েছে।'