রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে মহাসড়কের নিমতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-আমিনুল ইসলাম আলিম, কামরুজ্জামান সরদার ও মাসুদ মৌলভী।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'একটি ১০ চাকার ট্রাকের পেছনে একটি মাইক্রোবাস ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।'
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ৬ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। নিমতলা রেলক্রসিংয়ে গতিরোধকের ওপর মাইক্রোবাসটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত হয়।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।