রাবি চারুকলা অনুষদ এলাকায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের কাছে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় এই দুর্ঘটনা ঘটেছে বলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।  

নিহত আসাদুল ইসলাম রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর পবা উপজেলার মুশরইল গ্রামের মুকুলের ছেলে। আসাদুল পড়াশোনার পাশাপাশি খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডায় চাকরি করতেন বলে জানা গেছে।

জানা যায়, আজ দুপুরে আসাদুল কাজের কথা বলে বাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এলাকায় আসেন। বিকেল ৩ টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ রাজশাহী রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তে জানা যাবে।'