রামপুরায় অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া বউ বাজারে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হেলাল (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
আজ রোববার দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, হেলালের শরীর ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ বাকি ৪ জনের চিকিৎসা চলছে।
তাদের মধ্যে নিয়ে নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের (৬০) শরীরের ৭৪ শতাংশ, নূরনবীর (৫১) শরীরের ৪২ শতাংশ ও ইউসুফের (৪৯) শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
ভাঙারি দোকান রাসেল এন্টারপ্রাইজের মালিকের ছেলে মো. রাসেল জানান, হেলালের বাড়ি কুষ্টিয়ায়। তিনি শ্রমিক হিসেবে তাদের দোকানে কাজ করতেন।
গত ২ মার্চ দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পরদিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, ওইদিন রাতে ভাঙারির দোকানে আগুন লাগার পর তা পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরনো গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।