রামপুরায় গ্যাসের আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
রাজধানীর রামপুরার বউ বাজার এলাকায় ভাঙ্গারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে দোকান মালিকসহ আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।
রোববার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ২ জনের মৃত্যু হয়। তারা হচ্ছেন দোকানের মালিক নাদের আলী (৫০) ও সিদ্দিক (৬০)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আর সিদ্দিকের দগ্ধ হয়েছিল ৭৪ শতাংশ। তারা ২ জনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
এর আগে রোববার দুপুরে দগ্ধ হেলাল শেখ মারা যান।
গত ২ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে এই আগুনের ঘটনা ঘটে।
মৃত নাদের আলীর ছেলে মো. আকরাম হোসেন জানান, তাদের বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলার চাড়ালদি গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রামপুরা মাটির মসজিদ এলাকায় থাকেন তারা।
সিদ্দিকের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানার চড়পাড়া গ্রামে। তিনি থাকতেন কারওয়ান বাজার এলাকায়। তিনি ওই দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনায় দগ্ধ অন্য ২ শ্রমিক হলেন, নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।