রামপুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর রামপুরায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাত পৌনে ২টার দিকে রামপুরা চৌধুরীপাড়া বউবাজার এলাকায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা হয়েছেন দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), হেলাল (৫০), নূরনবী (৫১) এবং ইউসুফ (৪৯)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আকরাম হোসেন নামে একজন। তিনি জানান, ভোররাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিলেন। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। পুরাতন গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারূক জানান, রাত ১টা ৪২ মিনিটে রামপুরা বউবাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙারির টিনসেড দোকানে আগুন লাগে। সে আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করে। পুরাতন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের শরীরে ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবার অবস্থাই গুরুতর।