রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে গাড়ির ধাক্কায় বিদেশি কর্মী নিহত
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শুক্রবার সকালে গাড়ির ধাক্কায় বরজাহান (৩৫) নামে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত বরজাহান কাজাকিস্তানের নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যুৎ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরজাহান একটি ভারী মালবাহী ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি পেছনের দিকে ঘোরানোর সময় অসতর্কতাবশত তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তার মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।