লঞ্চডুবি: উদ্ধারকাজ আপাতত স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকাজ আপাতত স্থগিত করা হয়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে এক বার্তায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার কাজ আপাতত স্থগিত করা হয়েছে। তবে একটি টিম দুর্ঘটনাস্থলে আছে। তারা লঞ্চটির ভেতরে তল্লাশি চালাবেন।

পানির নিচে উদ্ধার অভিযান আগামীকাল সোমবার আবার শুরু হবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় রুপসী-৯ নামের কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ আফসার উদ্দিন।

লঞ্চে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এছাড়া, এ ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামীকালের মধ্যে তদন্ত রিপোট দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের লঞ্চ ডুবে যাওয়ার কারণ, কারা দোষীসহ সব কিছু জানাতে বলা হয়েছে।'