লঞ্চে আগুন: ঝালকাঠি জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি
সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।
আজ শুক্রবার ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, 'লঞ্চ দুর্ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'
এর আগে, আজ ভোররাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে।
ঝালকাঠি দমকল বাহিনী জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রেজওয়ান চৌধুরী সাকিব ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগ দগ্ধ।'