লঞ্চে আগুন: ঝালকাঠি যাচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'লঞ্চে আগুন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ শুক্রবার ঝালকাঠির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি দুপুরের মধ্যে সেখানে পৌঁছবেন।'
মো. জাহাঙ্গীর আলম খান জানান, লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে, আজ ভোররাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে।
ঝালকাঠি দমকল বাহিনী জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রেজওয়ান চৌধুরী সাকিব ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগ দগ্ধ।'