লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১ জনের মৃত্যু
এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আহত হাবিব খান (৪৫) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত হাবিবের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, 'তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, লিভার সিরোসিসে ভুগছিলেন।'
'লঞ্চে আগুন লাগলে নদীতে লাফিয়ে পরে তিনি বুকে আঘাত পেয়েছিলেন,' যোগ করেন তিনি।
হাবিব খানের স্ত্রী সায়েরা বেগম জানান, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে। এক সপ্তাহ তারা দুজন গাজীপুরের টঙ্গীতে ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে লঞ্চে ওঠেন বলে জানান তিনি।
সায়েরা বেগম আরও জানান, রাতে লঞ্চে আগুন লাগলে স্বামী-স্ত্রী পানিতে লাফিয়ে পড়েন। কিন্তু স্বামী হাবিব আহত হন।
পরে সেখান থেকে হাবিবকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় বলে জানান স্ত্রী।
শুক্রবার ভোরে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫ জন ছিল বলে ঝালকাঠির জেলা প্রশাসক দ্য ডেইলি স্টারকে সন্ধ্যায় জানান।
সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের ৭৬ জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ঢাকায় ৫ জন চিকিৎসাধীন ছিলেন।