লঞ্চে আগুন: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি জানান, কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বন্দর) মো. তোফায়েল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন। এ ছাড়াও, কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রয়েছেন।
কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে।
ঝালকাঠি দমকল বাহিনী জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রেজওয়ান চৌধুরী সাকিব ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগ দগ্ধ।'