লঞ্চে আগুন: সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি চায় ব্লাস্ট

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ 'এমভি অভিযান-১০' এ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

আজ শুক্রবার ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ পর্যন্ত দেশে নৌপথে লঞ্চডুবি, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন কারণে যে হতাহতের ঘটনা ঘটেছে তা পর্যালোচনায় দেখা গেছে, নৌযান মালিক, পরিচালনাকারী ও তদারকি কর্তৃপক্ষ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬ লঙ্ঘন করে আসছে। ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬ এর ৫৬ ধারায় বিস্ফোরণ, আগুন ইত্যাদির বিরুদ্ধে যে সুরক্ষার কথা বলা হয়েছে, অভিযান-১০ লঞ্চের ঘটনায় তার সুস্পষ্ট ব্যত্যয় ঘটেছে।' 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ব্লাস্ট এ হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছে। এ ছাড়া, ধারা ৩৩ এর অধীনে সার্ভে সনদ ছাড়া নৌযাত্রা নিষিদ্ধ করা এবং ধারা ৫৮ (ক) অনুযায়ী বীমা বা নৌ দুর্ঘটনা ট্রাস্ট ফান্ড ছাড়া নৌযাত্রা নিষিদ্ধ করার বিষয়ে তদারকি কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে জোর দাবি জানানো হচ্ছে।'