লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার লাকসাম পৌরসভার সামনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার।

তিনি জানান, নিহত যুবক নোয়াখালী জেলার সোনাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে ইমরান (২২)।

ইমরানের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।'

সহযাত্রীর বরাত দিয়ে জসিম উদ্দিন জানান, নিহত যুবক ঢাকায় একটি গ্রিলের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।

নিহতের ছোট ভাই মিজান বলেন, 'ভাইয়া গতকাল রাতেই তার বেতনের টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছিলেন। মায়ের জন্য কাপড় কিনেছিলেন, সেটা নিয়েই তিনি বাড়ি ফিরছিলেন।'