লালমনিরহাটে আগুনে পুড়ল ১২ দোকান

নিজস্ব সংবাদদাতা, ললালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। 

আজ শুক্রবার সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

কালীগঞ্জ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিস যৌথভাবে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ১২টি দোকানে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুড়ে যাওয়া দোকান মালিকরা। 

ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসায়ী হেলাল হোসেন জানান, আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি কাপড়ের দোকান, ৩টি জুয়েলারির দোকা, দুটি ওষুধের দোকান, একটি স্টুডিও ও একটি মুদি দোকান রয়েছে।

তিনি বলেন, 'আমার দোকানের প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। ব্যাংক ও এনজিওতে অনেক ঋণ রয়েছে।'

চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দ্য ডেইলি স্টারকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।'