লালমনিরহাটে ‘চোরাই ইট’ বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটে 'চোরাই ইট' বহনকারী একটি ট্রলির নিচে চাপা পড়ে সাড়ে ৫ বছর বয়সী এক শিশু মারা গেছে। রমজান আলী নামের ওই শিশুটি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ট্রলিটি আটক করলেও এর চালক পালিয়ে যান।

নিহত শিশু রমজান আলী স্থানীয় মৎস্যজীবী মঈনুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চর ফলিমারীতে নির্মাণাধীন 'মুজিব কেল্লা' থেকে একটি সংঘবদ্ধ চক্র ইট চুরি করে ট্রলিতে নিয়ে অন্যত্র পাচার করছিল। তারা জানান, শিশুটি বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় ওই ট্রলির নিচে চাপা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি জানান, পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবার মামলা দায়ের করবে।