শিমুলিয়াঘাটে গাড়ির ধাক্কায় পিকআপ চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ফেরি পারের গাড়ির লাইনে বিশ্রামরত অবস্থায় একটি পিকআপের ধাক্কায় মো. লোকমান হোসেন (৩৫)  নামে এক চালক নিহত হয়েছেন। 

আজ রোববার বিকেল ৩টা এ ঘটনা ঘটেছে।

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চৈতাপাড়া গ্রামের মো. রশিদ মিয়াঁর ছেলে লোকমান একজন পিকআপ চালক। ভাড়ায় চালিত গাড়িটি বাসা বাড়ির মালামাল নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল।

লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর দ্য ডেইলি স্টারকে  এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিমুলিয়া ঘাটে ফেরির মাধ্যমে পদ্মা পারের জন্য একটি পিকআপ গাড়ির সিরিয়ালে ছিল। ফেরি টার্মিনাল থেকে অদূরে এ লাইনে শুধু পিকআপ গাড়িগুলো অপেক্ষা ছিল। তীব্র গরমে চালক লোকমান তার গাড়ির পিছনে বসে ছিলেন। আর সামনে ছিল আরেকটি পিকআপ। হঠাৎ চালক গাড়িটিকে চালু করতে গিয়ে সামনে থাকা লোকমানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, লোকমানের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই গাড়িটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন ।