শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় গতকাল ডুবে যাওয়া 'এম এল আফসার উদ্দিন' লঞ্চটি উদ্ধার করা হয়েছে। এর ভেতর কোনো মরদেহ পাওয়া যায়নি।
আজ সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে লঞ্চটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, সংস্থাটির উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' লঞ্চটি উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রেখেছে।
এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধার হওয়ায় এবং লঞ্চের ভেতরে কোনো মৃতদেহ না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
দ্য ডেইলি স্টারের নারায়ণগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জ দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছেন, 'লঞ্চটিকে পানির নিচ থেকে ওপরে উঠিয়ে আনার সময় কয়েকবার রশি ছিঁড়ে গিয়েছিল। সে জন্য এটি উদ্ধারে সময় লাগেছে।'