শেবাচিমের সিসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্তণে এসেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শর্টসার্কিট দিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিইউ ওয়ার্ডের কর্তব্যরত নার্স ও কর্মচারীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

হাসপাতালের সেবা তত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন লাগে। তবে, নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা। একই ওয়ার্ডে পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নিয়ে এখন সেবা দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে তাদের পোস্ট অপারেটিভের কক্ষে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের সময় গৌরনদী থেকে আসা ৬০ বছরের এক রোগী মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনরা।

তবে, শেবাচিমের সেবা তত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, ওই রোগীর অবস্থা আগে থেকেই মুমূর্ষু ছিল। অগ্নিকাণ্ডের সময় তার মৃত্যু হয়নি।