সাঙ্গু থেকে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

সাঙ্গু নদীতে নিখোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মারিয়ম বিনতে আদনি (১৬) এবং দুপুর দেড়টার দিকে তার ভাই আহনাদ আকিবের (২২) মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার নাজমুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

রোয়াংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, গতকাল দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদে আকিব ও তার বোন মারিয়ম নিখোঁজ হন।

গতকাল তাদের মামাতো বোন মারিয়া ইসলামের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহত ভাইবোনের মামা মো. শামীম জানান, মারিয়া কলেজের ছাত্রী, আকিব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আদনি স্কুলছাত্রী ছিলেন।

থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, গতকাল দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পরিবারের ১০ সদস্যের একটি দল রোয়াংছড়ির বেতছড়া এলাকার বাধুরা জলপ্রপাত দেখতে যায়। জলপ্রপাতটি সাঙ্গু নদী সংলগ্ন যেখানে তাদের মধ্যে ৮ জন পানিতে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে ৩ জন পরবর্তীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা পরে মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।