সাঙ্গু নদীতে ডুবে মৃত্যু ১, নিখোঁজ ২
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাঙ্গু নদীতে ডুবে এক পর্যটকের মারা গেছেন এবং আরও ২ জন নিখোঁজ আছেন।
আজ শুক্রবার দুপুরে রোয়াংছড়ির বেতছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আহনাদ আকিব (২২) ও তার বোন মারিয়ম বিনতে আদনি (১৬) আপন ভাই-বোন। আর মৃত পর্যটক মারিয়া ইসলাম (১৯) তাদের মামাতো বোন।
রোয়াংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জহির উদ্দিন বলেন, 'নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি পরিবারের আত্মীয়-স্বজন মিলিয়ে ১০ জনের একটি দল বেলা ২টার দিকে রোয়াংছড়ির বেতছড়া এলাকায় সাঙ্গু নদী সংলগ্ন বাধুড়া জলপ্রপাত দেখতে যায়।'
তিনি জানান, তাদের মধ্যে ৮ জন পানিতে নামলে ৩ জন নিখোঁজ হন।
পরে স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজ ভাই-বোনদের মামা মো. শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মারিয়া কলেজ ছাত্রী ছিলেন। আকিব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আদনি স্কুলছাত্রী।'