সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

একটি কাঠভর্তি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সাতক্ষীরায় এক সাবেক ইউনয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে শহরের শিশু হাসপাতালের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক এই ইউপি সদস্যের নাম হাবিবুর রহমান ওরফে ছোট খোকন ( ৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের আবু নাসের সরদারের ছেলে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, হাবিবুর রহমান আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আজ হাঁটতে বেরিয়ে বাড়ি ফেরার সময় শিশু হাসপাতালের সামনে একটি কাঠ বোঝাই ইঞ্জিনচালিত ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা কাঠ তার ওপরে পড়লে তিনি মারাত্মক জখম হন।

এ পরিস্থিতিতে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর জানান, হাবিবের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইঞ্জিন ভ্যানটি আটক করা হয়েছে।

                                            #