সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকসহ ২ জনের মৃত্যু, আহত ১৯
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৯ জন।
আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের তজুলপুর এলাকায় ও সকাল ৯টার দিকে শ্যামনগরের আড়পাঙ্গাসিয়া গ্রামে সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিতা রাণী রপ্তান (৪৫) এবং সাতক্ষীরা শহরের রইচপুরের বাসিন্দা মাহাবুবর রহমান (৪৬)।
নিহত মাহাবুবর রহমানের ভাই মোকলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার দুপুর ১টার দিকে তিনি মাধবকাটি বাজার থেকে আমি, আমার ভাইসহ ৮ জন শ্রমিক নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে কলারোয়া যাচ্ছিলাম। সোয়া ১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের তজুলপুর এলাকায় পেছন দিক থেকে আসা একটি পাবনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের ভ্যানের ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশে একটি আম গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আমি, আমার ভাইসহ ভ্যানের ৬জন যাত্রী আহত হয়।'
আহতদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২ টার দিকে মাহাবুববর রহমানের মৃত্যু হয়।
প্রত্যক্ষদশীরা জানায়, এ দুর্ঘটনায় পাবনাগামী যাত্রীবাহী বাসা থাকা আরও ৯-১০জন আহত হয়েছেন। তারা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত রিতা রাণী রপ্তানের ছেলে জয় রপ্তান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক রিতা রাণী রপ্তান। সকাল ৯টার দিকে আড়াপঙ্গাসিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের ধাক্কায় রিতা রানী সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ দুর্ঘটনায় মাহাবুবর রহমান ও রিতা রাণী রপ্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ময়না তদন্তের জন্য তাদের মরদেহ সাতক্ষীরা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে।'
আহত ১৫ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।