সাভারে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্যাকজার নামে একটি সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তবে আগুন লাগার কারণ ও আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে ডিইপিজেডের ব‍্যাবস্থাপক (জিএম) আব্দুস সোবাহান দ‍্য ডেইলি স্টারকে বলেন, 'লেভেল ও স্টিকার তৈরির কারখানাটির ৩ হাজার ২০০ বর্গফুটের একটি স্টোররুমে আগুন লাগে।'
 
স্টোররুমটিতে মূলত কাঁচামাল, যেমন- দাহ্য কাগজ মজুদ ছিল। সেগুলো পুড়ে গেছে। কারখানাটি বন্ধ ছিলো বলে কোনো শ্রমিক আহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না বলেও জানান তিনি।