সাভারে বাসচাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার 

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় সুবল চন্দ্র বর্মন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাভার থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান দ‍্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। সুবল চন্দ্র বর্মন সাভারের আশুলিয়ার নয়াপাড়ার বাসিন্দা। তার বাবা মৃত মদন চন্দ্র বর্মনের ছেলে।

আতিকুর রহমান আরও বলেন, সকালে সেবা গ্রীন লাইন কোম্পানির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে কিন্তু চালক ও স্টাফদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।