সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও ১ জনের মৃত্যু
রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ২ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রিপন মিয়া (৪৫) মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, '৬০ শতাংশ দগ্ধ রিপনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ (৬০) মারা যান। তার শরীর ৩৪ শতাংশ দগ্ধ ছিল।'
ডা. আইয়ুব জানান, গত শুক্রবার সন্ধ্যায় সায়দাবাদ জনপথ এলাকা থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শামসুদ্দিন রবিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবুল কালাম (৫৮) ৮০ শতাংশ, শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ ও কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
মৃত রিপনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি সায়দাবাদ এলাকায় একটি মেসে থাকতেন।