সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'নিহত পরিচ্ছন্নতাকর্মী শিখা রানি ঘরামি ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন যে, তাকে ধাক্কা দেওয়া গাড়িটি সিটি করপোরেশনের ময়লার গাড়ি ছিল।'
অপূর্ব আরও বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র থেকে চালক ও গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছি।'
নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহতের এটি চতুর্থ ঘটনা।
এর আগে, গত বছরের ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে চাপা দেয় ডিএসসিসি'র ময়লাবাহী একটি গাড়ি। গুরুতর আহত নাঈমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরের দিন ২৫ নভেম্বর দুপুরে রাজধানীর পান্থপথ এলাকায় ডিএনসিসি'র ময়লার গাড়ি একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী আহসান কবির খান আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও, গত ২৩ ডিসেম্বর রাজধানীর ওয়ারী এলাকায় ডিএসসিসি'র অপর ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে আরও একজন নিহত হন।