শরীয়তপুর

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মো. তুহিন ও মো. ইব্রাহিম নামে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আবুল হোসেন নামে আরেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। 

বুধবার বিকেল ৫টার দিকে তারা কাজ করতে সেপটিক ট্যাংকে নামলে এ দুর্ঘটনা ঘটে। 

অসুস্থ আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ মুঠোফোনে রাত সাড়ে ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মৃত ২ শ্রমিক সিড্যা ইউনিয়নের মনির মীরের ছেলে মো. তুহিন মীর (৩০) ও একই গ্রামের জামাল ছৈয়ালের ছেলে মো. ইব্রাহিম ছৈয়াল (২৪)। 

তিনি বলেন, তারা বেশকিছু দিন ধরে স্থানীয় আব্দুল খালেক মীরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। বুধবার বিকেলে দুজন সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সাড়াশব্দ না পাওয়ায় ট্যাংকের ভেতরে নামেন আরেক সহকর্মী আবুল হোসেন। তিনিও বের না হওয়ায় স্থানীয়রা ট্যাংকের একটি অংশ ভেঙে ভিতরে গিয়ে ৩ জনকে বের করে চিকিৎসার জন্য ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তুহিন ও ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া আবুল হোসেন চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি শরীফ আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে ঠিকমতো নিশ্বাস নিতে না পারায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। কিন্তু মৃতের পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে রাজি হচ্ছেন না। তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ময়নাতদন্ত করাবে কি না। তাদের সিদ্ধান্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।