সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় নিহত ৬
সড়ক দুর্ঘটনায় আজ বুধবার লালমনিরহাট, নাটোর ও বগুড়ায় মোট ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছে, নাটোরে ট্রাক-বাস-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে চালকসহ ২ জন এবং বগুড়ায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুল যাওয়ার পথে ট্রাকের চাপায় চাচা ইমরান আলী (২১) ও ভাতিজা আব্দুল্লাহ বিন নাঈম (৬) নিহত হয়েছেন। বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার আরডিআরএস অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নাটোর
এদিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় ট্রাক, বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকচালক আবু মুসা ও আসাদুল নামে অপর এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ডেইলি স্টারকে জানান, বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কে রাজশাহীগামী একটি বাস ও নাটোরের দিকে আসা একটি কাঠবোঝাই ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
বগুড়া
বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় আজ দুপুরে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের সোহানুর রহমান (১৮) ও রামচন্দ্রপুর গ্রামের সাব্বির রহমান (২১)।
বগুড়া সদর থানার উপপরিদর্শক ওসমান গণি দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি বন্ধু সোহানুর, সাব্বির ও রাফি মোটরসাইকেল নিয়ে ঘুরছিলেন। দুপুর ২টার দিকে সদর উপজেলার পীরগাছা এলাকায় স্থানীয় সড়কে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে সোহান ঘটনাস্থলেই নিহত হন।'
স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।