সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় নিহত ৭
নাটোর, ময়মনসিংহ ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনাগুলো ঘটে।
নাটোরের গুরুদাসপুরে ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।
সকাল সাড় ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নওপাড়া মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সানোয়ারুল ইসলাম (২৩) নাম এক যুবক নিহত হয়েছেন। তিনি ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া পশ্চিমপাড়া গ্রামের তোফাজ্জল হোসনের ছেলে।
সকাল ৯টার সময় উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যানে থাকা সাব্বির হাসান (১০) নাম এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে একই উপজেলার হাজিরমাড় এলাকায় অটোভ্যান চালক আব্দুর রহমান ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত আব্দুর রহমান ওই এলাকার পাটপাড়া গ্রামের ফজু মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন দ্য ডেইলি স্টারকে বলন, 'তিনটি দুর্ঘটনার একটি বনপাড়া-হাটিকুমরুল হাইওয়েতে এবং অপর দুটি স্থানীয় সড়কে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
ময়মনসিংহের ত্রিশালে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমাদুল হোসেন (৩৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (৩৫)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন।
ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।
ফরিদপুরের নগরকান্দায় গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে দাদি ও নাতনী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
সকাল ১১টা ১৫ মিনিটের দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সালথা উপজেলার মাঝারদীয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী নবীরুন নেছা (৫৫) এবং নবীরুন নেছার ছেলে রফিক শেখের মেয়ে ময়না আক্তার (১৫)।
ভাঙ্গা হাইওয়ে থানা উপপরিদর্শক শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ২টি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছে এবং ইজিবাইক ও পিকআপটি জব্দ করা হয়েছে।