হবিগঞ্জে ট্রাকের চাপায় নিহত ৩
হবিগঞ্জে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মাধবপুর উপজেলা সদরে এই দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টায় ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০)। গুরুত্বর আহত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়া (৪৫) কে মাধবপুর হাসপাতালে নেওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান তারা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ২০Ñ ০৮৪৬) চুরি হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনায় কবলিত ট্রাকটির নম্বর প্লেটটিতে ওই নম্বর পাওয়া গেছে।
ট্রাকের মালিক মো. মমিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মির্জাপুরের সান ব্রিকস ফিল্ড থেকে শুক্রবার রাত ৯টার দিকে ট্রাকটি চুরি হয়। তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করেছেন।
নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।