হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ ওভারটেকিংয়ের কারণে: হাইওয়ে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

বেপরোয়া গতি ও চালকদের ওভারটেকিংয়ের প্রবণতার কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২টি বাস ও ১টি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি নামের একটি জায়গায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে সংঘটিত এই দুর্ঘটনায় ৪ জন নিহত হন। আহত হন ৩০ জন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার শুরুতে ঢাকা থেকে সিলেটগামী আশিক পরিবহন একটি বাস ও সিলেট থেকে আসতে থাকা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী শ্যামলী পরিবহন বাস এসে আশিক পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।

ওসি মইনুল ইসলামের ভাষ্য, সিলেটগামী আশিক পরিবহনের বাসটিকে ওভারটেক করার জন্য পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস বার বার সিগন্যাল দিচ্ছিল। তবে আশিক পরিবহনের বাসটি শ্যামলী পরিবহনের বাসকে জায়গা না দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ অবস্থায় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে শ্যামলী পরিবহনের বাসটি আবার দুর্ঘটনাকবলিত আশিক পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় ও নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় জনতা প্রায় ৪০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুর্ঘটনায় আহতদের অনেকের পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে স্থানীয় পরিবহন শ্রমিকদের অভিযোগ, সিলেটের দিক থেকে আসা ট্রাকটিকে ধাওয়া দিয়েছিল হাইওয়ে পুলিশের সদস্যরা। তবে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেন।