হার্ডিঞ্জ ব্রিজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পাবনার পাকশি হার্ডিঞ্জ ব্রিজের উপর থেকে মাহাবুব আদর (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাহাবুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সকালে মাহাবুবের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজের আলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মীরা হার্ডিঞ্জ ব্রিজের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পোড়াদহ রেলওয়ে থানায় খবর দেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পোস্টমর্টেম শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
পুলিশ জানিয়েছে, নিহত মাহাবুব আদরের বাড়ি জয়পুরহাটের খেতলাল উপজেলায়। ধারণা করা হচ্ছে ট্রেনে ভ্রমণের সময় ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে জিআরপি পুলিশের ওসি দ্য ডেইলি স্টারকে জানান, ধারণা করা হচ্ছে দক্ষিণবঙ্গগামী কোনো ট্রেনে (সম্ভবত চিত্রা এক্সপ্রেস) ভ্রমণের সময় রাতে ট্রেনের জানালা দিয়ে বাইরে মুখ বের করলে গার্ডারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
তবে ওই শিক্ষার্থী কেন এবং কী কারণে ট্রেনে করে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিলেন তা জানা যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
জিআরপি পুলিশ এ ঘটনার তদন্ত করছে, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান জিআরপি ওসি।