হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের
প্রবাসী বড় ভাই তুষার চন্দ্র দাশ (৩৫) ছুটিতে দেশে এসে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে উঠার পর তাকে ঢাকা থেকে চট্টগ্রামের বাড়িতে আনতে গিয়েছিলেন ছোট ভাই বিপ্লব চন্দ্র দাশ (৩০)।
কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তাদের। পথে তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে ঘটনাস্থলেই ২ ভাই প্রাণ হারান।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুরে এ ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চর শরত গ্রামে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ২ ভাই ও তুষারের শ্যালক প্রণব চন্দ্র দাশ ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুরে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তুষার চন্দ্র দাশ ও বিপ্লব চন্দ্র দাশ মারা যান। গাড়িতে থাকা প্রণব ও গাড়ির চালক সাজ্জাদ হোসেন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য ২ ভাইয়ের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।