১ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানার আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে কারখানায় আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।'

'ফায়ার সার্ভিসের ৬ ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৬ ইউনিট সেখানে যোগ দেয়,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'সকাল ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।'

'এই আগুনে কেউ হতাহত হয়নি' বলেও জানান তিনি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ চলছে।

'স্টেডিয়ামের পাশে কারখানায় আগুনের কারণে ম্যাচে কোনো প্রভাব পড়েনি,' যোগ করেন এই কর্মকর্তা।