২০২২ পর্যন্ত লঞ্চটির ফিটনেস মেয়াদ ছিল: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে দুর্ঘটনার কবলে পড়া লঞ্চটির ২০২২ সাল পর্যন্ত ফিটনেস মেয়াদ ছিলো বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আমরা যতটুকু জানি ২০২২ সাল পর্যন্ত লঞ্চটির ফিটনেস ছিলো।'
অগ্নি নির্বাপক কিছু ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত না করে বলা যাবে না। ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিহতদের প্রত্যেককে আমাদের তহবিল থেকে দেড় লাখ টাকা দেওয়া হবে। চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন থেকে নিহতদের দাফন, কাফন ও সৎকারের ব্যবস্থা করা হবে।
আহতদের সুচিকিৎসা ও সর্বোত্তম চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি।