২ বাসের প্রতিযোগিতা, প্রাণ গেল কিশোরের

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মগবাজার মোড়ে যাত্রাবাহী ২ বাসের চাপায় রাকিব (১৪) নামে এক কিশোর মারা গেছে। রাকিব বাসে ও রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করতো।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

একজন প্রতক্ষ্যদর্শী এবং রাকিবকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি জানান, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনেরই ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

rakib's father
হাসপাতালে সন্তানের লাশ দেখে বাবা নুর ইসলামের আহাজারি। ছবি: প্রবীর দাশ/ স্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ বাসগুলো আটক করলেও চালকরা পালিয়ে যায়।

তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি যে পুলিশ ট্রাফিক সিগন্যাল ছাড়ার পর ছেলেটি বাসদুটির মাঝে আটকা পড়েছিল।'

আসলে কী ঘটেছে তা জানতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে, তিনি বলেন।