২ হাজার মুরগির বাচ্চাসহ পুড়ে গেল পোলট্রি খামার

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে ২ হাজার মুরগির বাচ্চাসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে গেছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পোলট্রি খামারের মালিক রতন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, তার খামারটিতে ২ হাজার মুরগির বাচ্চা ছিল। ভোরে আগুন লাগার পর সব মুরগির বাচ্চা, ১০ বস্তা খাবারসহ সবকিছু পুড়ে যায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক জাকির হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছেন তারা।