৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশর ৪ জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফরিদপুর ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন।

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে ২ জন এবং বন্দর নগরীর ডবলমুরিং থানার সামনে ১ জন নিহত হয়েছেন। চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ও ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে নিহতরা হলেন- সিরাজগঞ্জের ঈসা রুহুল (৩৮) ও ভোলার দাউদ হাসান (৩৮) ও হাবিবুর রহমান (২১)। এদের মধ্যে রুহুল ও দাউদ একটি গোয়েন্দা সংস্থার কর্মী এবং হাবিব বন্দর নগরীর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

রাঙ্গামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈসা রুহুল ও দাউদ জনস্বাস্থ্য অফিসের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় তারা রাস্তায় ছিটকে পড়েন এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।'

তিনি আরও বলেন, 'আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহত ঈসা সার্জেন্ট এবং দাউদ ডিজিএফআইয়ের রাঙ্গামাটি ইউনিটের এসএসআই ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে।'

ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, দেওয়ানহাট ফ্লাইওভারে একটি দীর্ঘ গাড়ি হাবিবসহ ২ জনকে বহনকারী একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ঘটনায় দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহপরান (২৫) নিহত হন। তার বাড়ি কচুয়া উপজেলার মিয়ার বাজার এলাকায়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন,  'শাহপরান হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে নতুন একটি মোটরসাইকেল কিনে নিজ এলাকায় রওনা হলে পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন।'

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় রিকশাভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রিকশাভ্যানের আরেক যাত্রী। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংকন কুমার বিশ্বাস জানান, ওই রিকশাভ্যানটি মধুখালী বাজার থেকে মেছরদিয়া আসছিল। মেছোরদিয়া মোড় এলাকায় এলে ঢাকাগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবিয়া বেগম ও কালাম শেখ নিহত হন।