৬ তলার ছাদ থেকে কংক্রিট ভেঙে পড়ে নারীর মৃত্যু
বগুড়ার বড়গোলা এলাকায় একটি ৬ তলা ভবনের ছাদ কংক্রিট ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত পারুল আক্তার (৪২) শহরের গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পারুল ওই ভবনের একটি ফ্ল্যাটে কাজ করতেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন।'
ভবনের প্রধান ফটকে পৌঁছালে ছাদ থেকে দেয়ালের একটি বড় অংশ ভেঙে তার মাথায় পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা খোরশেদ আলম।
তিনি আরও জানান, গত ২ দিনের বৃষ্টির কারণে দুর্বল ছাদের দেয়ালটি ধসে যেতে পারে।