‘জনগণের পার্লামেন্ট গঠনে আন্দোলনের বিষয়ে একমত হয়েছি’
বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর আন্দোলন জোরদারে 'করণীয়' ঠিক করতে সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল এবং রাতে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংলাপে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সাম্যবাদী দলের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। অন্য সদস্যরা হলে, পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, সাইফ মাহমুদ জুয়েল, মেহবুব মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান, সামসুল হক ভুলু, নুর উদ্দিন ঢালী ও সুমন হাওলাদার।
ডেমোক্রেটিক লীগের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি। অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মৃধা মোহাম্মদ আল আমিন ও ওমর ফারুক।
পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, 'আজকের দুটি বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছি তা মাঝখানে আমাদের কিছুদিন স্থগিত ছিলো বন্যা ও ঈদের কারণে। আজ থেকে আবার তা শুরু করেছি। আজকে কথা বলেছি বাংলাদেশ সাম্যাবাদী দল এবং ডেমোক্রেটিক লীগের সঙ্গে।'
'গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ করে একটা আন্দোলন গড়ে তুলবার জন্যে আমরা এই প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যে অনেক দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আমরা অল্প দিনের মধ্যে এই আলোচনা শেষ করতে পারব। এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।'
গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন ও সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।
