চিত্রা চরিত্রের জন্য দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি: সাবিলা নূর
সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। জানালেন, দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন তার অভিনীত চরিত্র এবং পুরো সিনেমা।
আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।
‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর এ পর্যন্ত দুটি হলে গিয়েছেন সাবিলা নূর। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, বসুন্ধরা সিনেপ্লেক্স ও মহাখালী এসকেএস সিনেপ্লেক্সে গিয়েছিলাম। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। বিরতির সময় দর্শকরা কথা বলেছেন। ভীষণ উপভোগ করেছেন তারা।
সাবিলা নূর আরও বলেন, খুব ভালো সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে। বিরতির আগে দর্শকদের মুখে হাসি দেখেছি। আবার বিরতির পর দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। সবকিছু মিলিয়ে দর্শকদের ভালো লাগাটা কাছ থেকে দেখেছি।
তিনি বলেন, দর্শকরা আমাদের সামনেই বলেছেন বনলতা এক্সপ্রেস পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, বন্ধুদের নিয়ে দেখার মতো সিনেমা। এসব মতামত সত্যি অনেক মুগ্ধ করেছে। অনেক আনন্দ দিয়েছে।
আরেক প্রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, চিত্রা চরিত্রের জন্য দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। দর্শকরা আমাকে বলেছেন, চিত্রা চরিত্রটি নিয়ে তারা যেভাবে কল্পনা করেছেন, সেভাবেই পর্দায় পেয়েছেন। এর ক্রেডিট দেব পুরো টিমকে।
তিনি বলেন, আমার কাছের মানুষেরাও চিত্রা চরিত্রটির প্রশংসা করেছেন। মুক্তির পর নানাজনের কাছ থেকে প্রশংসা পাচ্ছি, এটাই বড় আনন্দের বিষয়। কষ্ট সার্থক হয়েছে।
সাবিলা নূর বলেন, দর্শকরা যখন ইমোশনাল হয়ে পড়েন, আমিও ইমোশনাল হয়ে পড়ি। এটি হুমায়ুন আহমেদ স্যারের গল্পের সিনেমা। দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হয়েছে।
বনলতা এক্সপ্রেস মুক্তির পর কতবার দেখেছেন জানতে চাইলে তিনি বলেন, দুইবার দেখেছি। তবে, পুরোপুরি দেখতে পারিনি। কেননা, একবার শুরু হওয়ার কিছুক্ষণ পর ঢুকেছি। দ্বিতীয়বারও পুরোটা দেখতে পরিনি। দেশের বাইরে আছি। দেশে ফিরে পুরোটা দেখব।
সহশিল্পীদের বিষয়ে সাবিলা নূর বলেন, সবাই ভীষণ ভালো করেছেন। কেউ কম নন। তারপরও বলছি, মোশাররফ করিম ভাই দুর্দান্ত অভিনয় করেছেন। শামীমা নাজনীন আপা খুব ভালো করেছেন। শরিফুল রাজ ভালো করেছেন। সবাই ভালো করেছেন।
সবশেষে তিনি বলেন, দর্শকদের ভালোবাসা পাচ্ছি এটা অনেক বড় কিছু।