আমরা খুব সাধারণভাবে অনুষ্ঠান করতে চাই, গৌরী স্প্র্যাটকে বিয়ে প্রসঙ্গে আমির খান

স্টার অনলাইন ডেস্ক

বলিউড তারকা আমির খান আবারও খবরের শিরোনামে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন, আগামী ৫ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে

ভারতের ডেকান ক্রনিকলকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘খুবই সাধারণ পরিসরে বিয়ে হবে। বাসাতেই অনুষ্ঠান হবে। শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণভাবে রাখতে চাই।’

Aamir Khan and Gauri Spratt to tie the knot in July? A look at their  relationship timeline
আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত

তবে অনুষ্ঠানে কারা আমন্ত্রিত থাকবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ফলে আমিরের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শাহরুখ খান, সালমান খান, কিংবা বলিউডের অন্য তারকারা অনুষ্ঠানে যোগ দেবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে আমির বলেন, তিনি ও গৌরী এখন তাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে প্রস্তুত।

তার ভাষায়, ‘হ্যাঁ, বিষয়টি সত্যি। এখন আমরা দুজনই মনে করছি, আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে।’

Aamir Khan On Finding Love Again At 60 With Gauri Spratt After Two  Divorces: 'Fortunate That While My Marriages Didn't Work...'
আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত

কে এই গৌরী স্প্র্যাট

গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে বসবাস করেন এবং ওয়েলনেস ও বিউটি শিল্পের সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। ১৯২০-এর দশকে ফিলিপ স্প্র্যাট ভারতে আসেন। গৌরীর আগের ঘরে একজন ছেলে আছে।

আর এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। প্রথমে তিনি বিয়ে করেছিলেন রিনা দত্তকে। তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। পরে তাদের বিচ্ছেদ হয়।

Aamir Khan set to marry Gauri Spratt in July
আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত

এরপর আমির বিয়ে করেন কিরণ রাওকে। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। তবে এখনো তারা একসঙ্গে ছেলে আজাদ রাও খানের দায়িত্ব পালন করছেন।

সবশেষে আমির খানকে দেখা গেছে সিতারে জামিন পার চলচ্চিত্রে। আর এস প্রসন্না পরিচালিত এই স্পোর্টস কমেডি-ড্রামাটি স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়নসের ভারতীয় সংস্করণ।

অন্যদিকে, আমিরকে শিগগিরই থ্রি ইডিয়টসের সম্ভাব্য সিকুয়েলে দেখা যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।