বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে বাহারছড়া ইউনিয়নের পৃথক দুই এলাকায় ২ শিশু মারা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক দ্য ডেইলি স্টারকে দুটি ঘটনার সত্যতাই নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ শুক্রবার ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রাম ও রত্নপুর এলাকায় ওই দুই শিশুর মৃত্যু হয়।
দক্ষিণ ইলশা গ্রামে কামাল উদ্দিনের ছেলে মো. আশিক (৮) সকাল ১১টার দিকে ঘর থেকে বাইরে গেলে পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে ছেলেটি মারা যায়।
অপরদিকে, রত্নপুরে বন্যার পানিতে ডুবে ১১ বছর বয়সী এক শিশু মারা গেছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি রবিউল হক বলেন, 'উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে আছে। পানিতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এখন বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।'
টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে ওই অঞ্চলের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।