মীরসরাইয়ে ড্রেজারডুবিতে নিখোঁজ আরও ১ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও ১ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ড্রেজারের ভেতর থেকে আলম সর্দার (৩৫) নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার কার হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ড্রেজারডুবির ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ আছেন ৩ জন।

ওসি আরও জানান, আলম সর্দার পটুয়াখালীর জৈনকাঠীর নুরুল সর্দারের ছেলে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া অন্যান্য ড্রেজারের শ্রমিকরা তার মরদেহ উদ্ধার করেছেন।

দিনভর উদ্ধার অভিযান চালানোর পর আজ বিকেল ৪টায় উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখে ফায়ার সার্ভিস। তবে তাদের উপস্থিতিতে অন্যান্য ড্রেজারের শ্রমিকরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন।

গত সোমবার ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সাগর কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হন।