খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮ শতাংশ বাড়ল
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ বা প্রতি ইউনিট ১ টাকা ৫২ পয়সা বাড়িয়েছে।
একইসঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বা প্রতি ইউনিটে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে।
আজ বুধবার কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ মূল্য ঘোষণা করেন।
মূল্যবৃদ্ধিতে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম এখন থেকে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারি বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৮ টাকা ৩৯ পয়সা হলো।
বিইআরসি জানিয়েছে, নতুন এই বিদ্যুৎ মূল্য চলতি জুন মাসের বিল থেকেই কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে।
গত মে মাসের শুরুতে বিদ্যুৎখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শুল্ক প্রস্তাব নেয়া হয় এবং ২০-২১ মে গণশুনানির পর নতুন মূল্য নির্ধারণ করা হয়।
কমিশন জানিয়েছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটতি মেটাতে বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে।
তবে সব ধরনের গ্রাহকদের জন্য ডিমান্ড চার্জ বা ডিমান্ড ফি অপরিবর্তিত রেখেছে বিইআরসি।