সুইজারল্যান্ড-যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে ৫ কার্গো এলএনজি

স্টার বিজনেস রিপোর্ট

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৫ কার্গো এলএনজি আমদানির পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, বৈঠকে মোট ৭টি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।

এর মধ্যে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় সুইজারল্যান্ডের 'সোকার ট্রেডিং এসএ' থেকে ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি উত্থাপন করে।

এছাড়া, পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী আরএফকিউ প্রক্রিয়ায় আরও ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাবের অনুমোদনের জন্য সুপারিশ করেছে ক্রয় কমিটি।

এর আওতায় সিঙ্গাপুরের 'বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড'কে ১ কার্গো ও যুক্তরাজ্যের 'টোটালএনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড'কে ২ কার্গো এলএনজি সরবরাহের জন্য নির্বাচন করা হয়েছে।

চলতি বছরের ২৬-২৭ জুন, ৩০ জুন-১ জুলাই ও ৬-৭ জুলাইয়ে এই এলএনজি দেশে পৌঁছানোর কথা আছে।

এই ৩ কার্গো এলএনজি আমদানিতে সরকারের ২ হাজার ৩৭২ কোটি টাকার বেশি খরচ হবে।

উল্লেখ্য, বাংলাদেশে এলএনজি সরবরাহের দীর্ঘমেয়াদী অংশীদার কাতার। কিন্তু ইরান যুদ্ধের কারণে কাতারের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস আমদানিতে সংকটে পড়েছে বাংলাদেশ।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট গ্যাস চাহিদার প্রায় ৩০ শতাংশ আমদানিকৃত এলএনজি দিয়ে মেটানো হয়।