সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায় বনদস্যুদের গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার রহমান (৬০) বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান।

আতিয়ারের সঙ্গে থাকা আরেক জেলে কবির গাইন জানান, গত ২৯ মার্চ সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে আতিয়ারের সঙ্গে তিনি সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। আজ সকালে মুল্লিখালে কাঁকড়া আহরণের সময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ আতিয়ারকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান তারা।

বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান আমার কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। একই সঙ্গে শ্যামনগর থানা-পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।’

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘আতিয়ারের পিঠে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তিনি ভালো আছেন।’ 

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।