সুন্দরবনে ৭৫০০ কেজি শামুক-ঝিনুক জব্দ, বনে অবমুক্ত
সুন্দরবন থেকে অবৈধভাবে সংগৃহীত বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক ট্রাকে করে পাচারের সময় জব্দ করেছে বন বিভাগ ও পুলিশ।
আজ সোমবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকা থেকে এসব জব্দ করেন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্য ও শ্যামনগর থানা পুলিশ।
এ সময় ২১৩ বস্তা শামুক ও ঝিনুক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৭ হাজার ৫০০ কেজি।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুর হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্য ডেইলি স্টারকে তিনি জানান, পরে বন আদালতের আদেশে সুন্দরবনের খোলপেটুয়া নদীর কলাগাছিয়ার সংরক্ষিত এলাকায় শামুক ও ঝিনুকগুলো অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ জানায়, শামুক ও ঝিনুক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬-এর তফসিল-১(গ) এর অন্তর্ভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এগুলো ধরা, হত্যা করা, পরিবহন করা এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন অমান্য করে সুন্দরবন থেকে শামুক ও ঝিনুক সংগ্রহ ও পাচার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির।
বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।