মহেশপুরে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরে বিরল প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী (গ্রিফন) শকুন উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতের দিকে উপজেলার নাতিমা গ্রামের জাহাঙ্গীর হোসেন মাঠে অসুস্থ অবস্থায় পাখিটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন।
আজ বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ শকুনটিকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা শুরু করে।
মহেশপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে অসুস্থ অবস্থায় বিরল হিমালয়ান গ্রিফন শকুনটি উদ্ধার করা হয় ও সকালে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। বর্তমানে পাখিটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবহিত করা হয়েছে। মহেশপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার পর পাখিটির অবস্থার উন্নতি হলে দুই দিনের মধ্যে সেটিকে আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হবে।
দ্য ডেইলি স্টারকে শফিকুল বলেন, 'শকুনটির ডানার বিস্তৃতি আট ফুটেরও বেশি। এই প্রজাতির শকুন সাধারণত হিমালয় অঞ্চলে বাস করে। চলতি বছর তীব্র শীতের কারণে পাখিটি উষ্ণ এলাকার দিকে উড়ে এসে থাকতে পারে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে মাঠে অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।'
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিরল এই শকুনটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছি।'